বিশেষ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার মাত্র ১ মাস ২৫ দিনের মাথায় সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণ করলেন তিনি। আগামীর বাংলাদেশের জন্য জনগণ তার উপরই আস্থা রেখেছেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তিনি ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই জয়ী হন। এর মধ্যে ঢাকা-১৭ আসনে তিনি ৭২ হাজার ৬৯৯ ভোট এবং বগুড়া-৬ আসনে ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পান। তার নেতৃত্বে বিএনপি জাতীয় সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং ২৯৭ আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল স্থগিত রয়েছে।
ঘোষিত ফলাফলে বিএনপি ২০৯টি আসনে জয় পেয়েছে। দলটির শরিকরা তিনটি আসনে বিজয়ী হয়েছেন। অন্যদিকে জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয় লাভ করেছে। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের অন্যান্য শরিকরা ৯টি আসনে জয়ী হয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। পরে নবগঠিত মন্ত্রিসভার সদস্যরাও শপথ গ্রহণ করেন। এর মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য, বিচারপতি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ আমন্ত্রিত অতিথিরা।
এর আগে বেলা পৌনে ১১টায় সংসদ ভবনের শপথ গ্রহণ কক্ষে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান। তবে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।
পরে একই স্থানে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১১ দলীয় জোটের সংসদ সদস্য এবং স্বতন্ত্র সদস্যরা শপথ নেন। ১১ দলীয় জোটের সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ করেন।
Array

