ভোলা প্রতিনিধি: ভোলা পৌরসভার নতুন বাজার এলাকায় অবস্থিত ভোলা মুসলিম এডুকেশন সংগঠনের ভবন “শেরে বাংলা সুপার মার্কেট”। দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে বলে অভিযোগ উঠেছে। গুরুত্বপূর্ণ এই ভবনটি দীর্ঘ সময় ধরে কার্যকর তদারকির অভাবে এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছেছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা।
জানা যায়, মার্কেটটির সভাপতি পদে ভোলা জেলা প্রশাসক দায়িত্বে থাকলেও দীর্ঘদিন ধরে সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন ভোলার সাংবাদিক বারেক হোসেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ সময় ধরে মার্কেটটির কোনো সংস্কার বা উন্নয়নমূলক কাজ করা হয়নি। ফলে ভবনের বিভিন্ন অংশ জরাজীর্ণ হয়ে পড়েছে এবং এটি এখন ব্যবসায়ী ও পথচারীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
মার্কেটের ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী, এখানে একটি টয়লেট ও নেই, এতে ব্যবসায়ীদের দুরবস্থার পড়তে হয়। এছাড়া মার্কেটের ছাদে বিভিন্ন ব্যক্তি প্রস্রাব করায় আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে, যা ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
আরও অভিযোগ রয়েছে যে, মার্কেটের বেশ কয়েকটি দোকানের ভাড়া দীর্ঘদিন ধরে বকেয়া রয়েছে। তদারকি ও ব্যবস্থাপনার অভাবে এসব বিষয়ের কোনো কার্যকর সমাধান হচ্ছে না। একই সঙ্গে অভিযোগ রয়েছে যে, মার্কেটের একটি কক্ষ সাংবাদিক বারেক হোসেন দীর্ঘদিন ধরে ব্যক্তিগতভাবে ব্যবহার করছেন, অথচ এর জন্য কোনো ভাড়া পরিশোধ করা হয় না।
এই পরিস্থিতিতে ভোলার সুশীল সমাজ ও ব্যবসায়ীরা মনে করছেন, মুসলিম এডুকেশন সংগঠনের এই গুরুত্বপূর্ণ সম্পদকে রক্ষা ও উন্নয়নের জন্য একটি দক্ষ, জবাবদিহিমূলক ও গঠনমূলক নতুন কমিটি গঠন করা জরুরি। তাদের মতে, সঠিক তদারকি ও পরিকল্পনার মাধ্যমে মার্কেটটি সংস্কার করা হলে এটি ভোলার ব্যবসা-বাণিজ্য ও সামাজিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
স্থানীয় সচেতন মহল দ্রুত বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের আশা, দ্রুত উদ্যোগ নেওয়া হলে শেরে বাংলা সুপার মার্কেট আবারও একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক বাণিজ্যকেন্দ্রে পরিণত হবে।

